চিকিৎসার অভাবে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের! ট্রেনিং ক্যাম্পে অ্যাম্বুলেন্স–ডাক্তার না থাকায় উত্তাল ফুলবাড়ী পুলিশ ক্যাম্প

শিলিগুড়ি | ফুলবাড়ী
গতকাল রবিবার শিলিগুড়ির ফুলবাড়ী পুলিশ ক্যাম্পে ট্রেনিং চলাকালীন মৃত্যু হল সিভিক ভলান্টিয়ার পঙ্কজ বর্মন (বয়স ৩৩)-এর। পরিবারের অভিযোগ—চিকিৎসার অভাবেই মৃত্যু।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর প্রায় ১টা নাগাদ পঙ্কজ বর্মন ফুলবাড়ী পুলিশ ক্যাম্পে ৭ দিনের প্রশিক্ষণে যোগ দেন। সারাদিন ট্রেনিং শেষে রাতে প্রায় ১টা নাগাদ তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন, মাথা ঘোরে এবং স্ট্রোকের মতো উপসর্গ দেখা দেয়। অভিযোগ, সেই সময় ট্রেনিং ক্যাম্পে কোনও চিকিৎসক, প্রাথমিক চিকিৎসা কিংবা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না। রাতভর কার্যকর চিকিৎসা না পাওয়ায় শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

ভোর হতেই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। মৃতদেহ ক্যাম্পে রেখেই শুরু হয় বিক্ষোভ। প্রশিক্ষণ বন্ধ রেখে দীর্ঘক্ষণ প্রতিবাদ চলে। তাঁদের দাবি—প্রশিক্ষণ ক্যাম্পে ন্যূনতম চিকিৎসা পরিকাঠামো না থাকাই এই মৃত্যুর মূল কারণ।
পঙ্কজ বর্মনের বাড়ি মাথাভাঙ্গার চোঙ্গারখাতা–খাগরিবাড়ি এলাকায়। এলাকায় তিনি অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী যুবক হিসেবেই পরিচিত ছিলেন।

ব্যক্তিগত জীবনেও চরম দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছিল পরিবারটি। দুই বছর আগে ক্যান্সারে তাঁর বাবা পরমেশ্বর বর্মন মারা যান। বছর ঘুরতে না ঘুরতেই মৃত্যু হয় মা রেনুকা বর্মন-এর। বর্তমানে পরিবারে একমাত্র সদস্য তাঁর অসুস্থ ভাই শংকর বর্মন। সামান্য বেতনে ভাইয়ের চিকিৎসা ও সংসার চালাতে গিয়েই প্রতিদিন লড়াই করছিলেন পঙ্কজ।

পরিবারের স্পষ্ট অভিযোগ—সময়মতো চিকিৎসা ও অ্যাম্বুলেন্স মিললে আজ পঙ্কজ বেঁচে থাকতেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।


Leave a Reply